জাগো কন্ঠ ২০ অক্টোবর ২০২৫ , ৩:৪৭ অপরাহ্ণ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গবেষণায় অবদান রাখায় ১২ জন শিক্ষককে দেওয়া হয়েছে গবেষণা প্রণোদনা ও সম্মাননা সনদ।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টাশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রণোদনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপ ড. মোহাম্মদ সোলায়মান বলেন,’যারা শিক্ষকতার পাশাপাশি গবেষণাকে নিজেদের অংশ হিসেবে নিয়েছেন, তারাই প্রকৃতপক্ষে আদর্শ শিক্ষক। ক্লাস পারফরম্যান্স, গবেষণায় অবদান ও প্রশাসনিক দক্ষা সব মিলিয়েই একজন শিক্ষক পূর্ণতা পান। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরকে এমন মেধাবী শিক্ষকদের সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাই।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন,’গবেষণা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমাদের শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করুন। সিলেবাসে গবেষণার বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন এবং শিক্ষার্থীদের সেগুলো পাঠদান করুন। শিক্ষার্থীরা যত বেশি গবেষণায় সম্পৃক্ত হবে, তত বেশি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ঘটবে। কারণ তরুণ শিক্ষার্থীরা নানা বিষয়ে গভীরভাবে চিন্তা করতে পারে। শিক্ষকদের উচিত তাদের চিন্তা ও অনুসন্ধানের সুযোগ করে দেওয়া।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন,’আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের দিন। বছরে একবার হলেও আমরা এ ধরনের আয়োজন করতে পারি, এটাই বড় প্রাপ্তি। আজ যাঁরা সম্মাননা পেয়েছেন, তাঁদের গবেষণা কাজ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজন মূলত গবেষণায় নিয়োজিত ও আগ্রহী শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোর জন্য।’
তিনি আরও বলেন,’আমার প্রত্যাশা, আপনাদের হাত ধরেই আগামী দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করবে।’
গবেষণা প্রণোদনা প্রাপ্ত ১২ শিক্ষক হলেন—
পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জে. এম. আবিদ সালমান চৌধুরী,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল মনি, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ ও সহযোগী অধ্যাপক ড. মিথুন কুমার দাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী,অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান,এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক আলিমুল রাজী।















