জাগো কন্ঠ ২৫ ডিসেম্বর ২০২৫ , ১:০৩ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
দীর্ঘ ১৭ বছর পর ঘরে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন এই নেতা। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যখন সারা দেশে উৎসবের আমেজ, ঠিক তখনই তার একটি বক্তব্যে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানের বক্তৃতার একটি বিশেষ অংশ উদ্ধৃত করে নিজের অনুভূতি ব্যক্ত করেন পরীমণি। তিনি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”
পরীমণির এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। ভক্তদের একটি বড় অংশ পরীমণির এই অবস্থানের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি কিছু নেটিজেন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। কেউ কেউ নায়িকাকে ‘সুবিধাবাদী’ অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রসঙ্গত, এদিন তারেক রহমান সমাবেশে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরেন। বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে।
তারেক রহমান তার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির অনুকরণে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান” (আমার একটি পরিকল্পনা আছে)। দেশের ৪ কোটি তরুণ প্রজন্ম এবং কয়েক কোটি নারী ও শ্রমিকের প্রত্যাশা পূরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।











