জাগো কণ্ঠ ডেস্ক ১ সেপ্টেম্বর ২০২২ , ৭:২৪ পূর্বাহ্ণ
রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টমতলায় লাগা আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সকাল ৯ টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন লাগা ভবনটিতে সিটি করপোরেশন দপ্তর ছাড়াও ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্ট রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০ এর দিকে এ ঘটনা ঘটে। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, সিলিংয়ের একটি অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এরপর ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ পর্যন্ত বড় কোনো ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে।














