জাগোকন্ঠ ১১ জুলাই ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ
কুবি প্রতিনিধি -মো কাউসার:
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের পঞ্চম দিনের আন্দোলনে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে এলে বিশ্ববিদ্যালয় এলাকার আনসার ক্যাম্পের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এসময় শর্টগান দিয়ে শিক্ষার্থীদের ওপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। পরে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে৷ কিছুক্ষণপর তুমুল সংঘর্ষে রুপ নেয়। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ করে ইট ও পাথর নিক্ষেপ করতে দেখা যায়।
পরবর্তী পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনন মজুমদার, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মানছুর আলম অন্তরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী শারীরিক ভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে তাঁদের এম্বুলেন্স যোগে সদর মেডিকেলে পাঠানো হয়।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আমরা আজ শিক্ষার্থীদের বাঁধা দিতে আমরা এখানে এসেছি।
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এবিষয়ে আমরা পরে ব্যবস্থা নিবো।















