বিনোদন

অভিনেতা সাগর হুদা মারা গেছেন

  জাগো কণ্ঠ ডেস্ক ৩১ আগস্ট ২০২২ , ৮:২১ পূর্বাহ্ণ

ধানমন্ডি ৭ নম্বর মসজিদে আসর নামাজের পর তার জানাজা হবে বলে জানান নাসিম। 

অভিনেতা সাগর হুদা আর নেই। বুধবার সকালে ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপাতি আহসান হাবিব নাসিম।

তিনি নিউজবাংলাকে জানান, স্ট্রোক করে মারা গেছেন সাগর হুদা। কখন মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি নাসিম।

নাসিম বলেন, ‘সাগর হুদা নব্বইয়ের দশকে থিয়েটার করতেন। সুবচন নাট্যদলে যুক্ত ছিলেন তিনি। এর পর আর থিয়েটার করেননি। ধীরে ধীরে ব্যবসায় মনোযোগী হন। তার মৃত্যু খুবই শকিং।’

ধানমন্ডি ৭ নম্বর মসজিদে আসর নামাজের পর তার জানাজা হবে বলে জানান নাসিম।

সাগর হুদার মৃত্যুতে নাটক সংশ্লিষ্টরা শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেতা আনিসুর রহমান মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কিছু কথা লিখেছেন।

মিলন লেখেন, ‘আমার জন্ম বেড়ে ওঠা যে এলাকায় সেখানে সাগর ভাইয়েরও জন্ম। কলাবাগান ঢাকা, আমরা স্থানীয়। আমার ছোটবেলা থেকে সাগর ভাইকে দেখে আসছি বড়ভাই হিসেবে, আমাদের অনেক স্নেহ করতেন। অভিনয় করতে এসে একদিন সাগর ভাইয়ের সঙ্গে একটা কাজ পরে গেল, সে কি আনন্দ আমাদের। পুরো কাজ শেষ করলাম আনন্দ নিয়ে। আর এক সঙ্গে কাজ হয়নি, হবেও না আর।’

আরও খবর: