শাহরিয়ার কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সাবেক বাম রাজনীতিবিদ, আদর্শবান গুণী শিক্ষক, সবার প্রিয় সদা হাস্যোজ্জ্বল জয়নাল স্যার আর নেই। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন গত শনিবার ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না লাইহির রাজিউন।পর দিন রবিবার রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
জয়নাল আবেদীন স্যার ছিলেন, ঠাকুরগাঁও -৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলীর বড় ভাই। তিনি ছিলেন বাম দল সিপিবির সাবেক নেতা, রাণীশংকৈল প্রগতি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বাশিস’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ সামাজিক সংগঠক।
জয়নাল আবেদীন স্যার ছিলেন, এলাকায় ছোট বড় সবার প্রিয় ব্যাক্তিত্ব। তিনি ছিলেন,সদালাপী,সহজ-সরল এক হাস্যোজ্জ্বল মানুষ । সারাক্ষণ তাঁর ঠোঁটের কোণে হাসিটা যেন লেগেই থাকত। তাঁকে কখনো কেউ গম্ভীর হতে দেখেন নি ।
তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও -৩ আসনের সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সাংসদ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিপিবি নেতা আবদুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক সোহেল রানা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।