দেশজুড়ে

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ১৭ নভেম্বর, টিকিট বিক্রি শুরু

  জাগো কণ্ঠ ডেস্ক ৩১ অক্টোবর ২০২২ , ৩:৩৫ পূর্বাহ্ণ

রাজশাহী-কক্সবাজার রুটে শুরু হচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি দুপুর ১২টা নাগাদ কক্সবাজার পৌঁছাবে।

নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী এই তথ্য জাগো কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার থেকে অনলাইনে রাজশাহী-কক্সবাজার রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

এর আগে গত ২৬ অক্টোবর নগর ভবনে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করে রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় নভোএয়ার কর্তৃপক্ষ।