জাগোকন্ঠ ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১২:২৮ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ টাকিমারি গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসী।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছর আগে দক্ষিণ টাকিমারি গ্রামের কে এম আবু তালেব (রনি) গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ার মুরগির খামার স্থাপন করেন। বর্তমানে খামারে প্রায় এক হাজার মুরগি রয়েছে। মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত থাকলেও সেটা পশ্চিম টাকিমারির ঠিকানা।
ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না।গত রবিবার দক্ষিণ টাকি মারি গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশপাশে মুরগির বিষ্ঠা ও পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে।
গ্রামের বাসিন্দা শরিফা বলেন, ‘আমার বাড়ির পাশেই খামার। বিষ্ঠা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।’
কলেজছাত্র সুহেল আহমেদ বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান গত ১৪ সেপ্টেম্বর তদন্ত করেন। ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ মানা হয়নি।এসব বিষয় ঠিক করার জন্য এক মাসের সময় বেধে দেয়া হয়েছে।
খামার থেকে কিছুটা দূরে মালিক কে এম আবু তালেবের বাড়ি। বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।পরবর্তীতে সাক্ষাৎ হলে কে এম আবু তলেব বলেন, খামারটি নিয়মিত
পরিষ্কার করা হচ্ছে যাতে দুর্গন্ধ কম ছড়ায়।
ইউএনও কামরুন্নাহার শেফা , বলেন অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে দায়িত্ব দিয়েছি।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে তাঁকে খামারের পরিবেশ ঠিক করতে বলা হয়েছে।অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।








