খেলাধুলা

পোস্টে মেসি-এমবাপ্পের আঘাত, পয়েন্ট হারালো ‘পিএসজি’

  জাগোকন্ঠ ২৯ আগস্ট ২০২২ , ৯:১৫ পূর্বাহ্ণ

লিগ ওয়ানে চার ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রাখতে পারেনি প্যারিস সেন্ট জার্মেই। রোববার ঘরের মাঠে মোনাকোর সঙ্গে পয়েন্ট হারিয়েছে তারা ১-১ গোলের ড্রয়ে।

পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার কথা ছিল পিএসজির। কিন্তু দুর্ভাগ্য তাদের। ২০তম মিনিটে কেভিন ভোলান্ডের দুর্দান্ত গোলে এগিয়ে যায় মোনাকো। এরপর বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বাঁ পায়ের রকেট গতির শট দূরের পোস্টে আঘাত করে। বল যায় কিলিয়ান এমবাপ্পের পায়ে, কিন্তু তারও ডান পায়ের শট কাছের পোস্টে আঘাত করে।

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। খুব কাছ থেকে নেইমারের একটি শট ঠেকিয়ে দেন অতিথি গোলকিপার। এমবাপ্পের একটি উঁচু শট বুক চিতিয়ে রুখে দেন আলেক্সান্ডার নুবেল।

শেষ পর্যন্ত স্বস্তি এনে দেওয়া গোল করেন নেইমার। ৭০ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারি ভিএআর যাচাই করে পেনাল্টি দিলে তিনি আলগা শটে লক্ষ্যভেদ করেন।

পয়েন্ট হারালেও শীর্ষেই আছে পিএসজি। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে মার্শেই ও লেন্স।

আরও খবর: