জাগো কণ্ঠ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৩ , ৯:১৫ পূর্বাহ্ণ
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন’ এই স্লোগানে বাগেরহাট ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) জেলাগুলোতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে বাগেরহাট জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. বরিউল ইসলামের নেতৃত্বে বাগেরহাট আদালত চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-খুলনা সড়কের ভিআইপি মোড় প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জজ আদালতের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি, জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও লিগ্যাল এইডের সুবিধাভোগী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বাগেরহাট আইনজীবী সমিতির মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আয়োজকরা জানান, বাগেরহাটে ৫২১টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। গত এক বছরে ৫ লাখ টাকা আদায় হয়েছে।

এদিকে, আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সকালে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা দায়রা ও জজ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ তানিয়া আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাবুল আক্তারসহ অনেকে।
মাদারীপুর জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২২ সালে ফৌজদারী ১৩৯টি, দেওয়ানি ৫৬টি এবং পারিবারিক ২৩টি মামলার আইনগত সহায়তা ও বিকল্প পদ্ধতিতে ৯০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া আপোষ মিমাংসার মাধ্যমে দেনমোহর ও খোরপোষ বাবদ ৪০ লাখ টাকা আদায় করে দেওয়া এবং ৪১৫ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।






