জাগোকন্ঠ ৮ আগস্ট ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ
মাহতাব চৌধুরী,নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালীর মাইজদীর পৌর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে এবার মনিটরিংয়ে নেমেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার নোয়াখালীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরামর্শ দেন তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে নোয়াখালীর পৌর কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা।সরজমিনে দেখা যায়, এদিন নোয়াখালীর পৌর বাজারে বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। বাজারের আড়তদার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশাপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
বাজার মনিটরিং করা নোবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিমা শারমিন বলেন, “বর্তমানে দেশে চলমান অস্থিতিশীল পরিবেশে জনজীবনে নেমে এসেছে হতাশা। এর পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিও মানুষকে ভোগান্তিতে ফেলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নৈতিক অবস্থান থেকে চেষ্টা করছি দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনার। আমরা বাজার মনিটরিং ছাড়াও ট্রাফিক কন্ট্রোল, সড়ক পরিস্কার ও বৃক্ষরোপন কর্মসূচিতেও যুক্ত রয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই এই সংকট থেকে জনজীবন মুক্তি পাবে।”
এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা নোয়াখালী পৌর সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও যান বাহনের নায্য ভাড়া নির্ধারণ করেন।
















