জাগোকন্ঠ ২১ আগস্ট ২০২২ , ২:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পঙক্তিমালা’ শিরোনামে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) শনিবার বিকালে রাজধানীর কাকরাইল অনুস্বর মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিটিআরসির চেয়ারম্যান ও সাবেক সচিব লেখক কবি শ্যামসুন্দর সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক মোশার্রফ আলী ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক ফণীন্দ্রনাথ রায়। সংগঠনের সাধারণ সম্পাদক রোকন রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান গ্রামসি। অনুষ্ঠানে শরীয়তপুরের বিভিন্ন লেখক কবিরা আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি শ্যামসুন্দর সিকদার বলেন, বঙ্গবন্ধু সুদূর প্রসারী চিন্তার অধিকারী ছিলেন। তিনিই দেশে পরিকল্পনা কমিশন গঠন করেন। যমুনায় সেতু করার পরিকল্পনা তার সরকারের আমলেই নেওয়া হয়। বঙ্গবন্ধু ১৯৭৫ সালেই বেতবুনিয়ায় ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপন করেন। তিনি বলেন, তার সৌভাগ্য যে তার সরকারী দায়িত্ব পালনকালেই বঙ্গবন্ধু সেটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং এ কাজে তিনি ভূমিকা রাখতে পেরেছেন।

বিশেষ অতিথি মোশার্রফ আলী বলেন, বঙ্গবন্ধুর মত নেতাকে হত্যা করা না হলে দেশ আরো আগেই এগিয়ে যেত। বঙ্গবন্ধু ভিয়েতনামের হোচিমিন, চীনের উন্নয়ন ও সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা দ্বারা প্রভাবিত ছিলেন। তাই তিনি বাকশাল ব্যবস্থার মাধ্যমে যৌথ খামার পদ্ধতি প্রবর্তন করতে চেয়েছিলেন। সেটা সম্ভব হলে আমরা আরো আগেই অগ্রগতিতে ভিয়েতনামকে ছাড়িয়ে যেতে পারতাম।

মিজানুর রহমান গ্রামসি বলেন, বঙ্গবন্ধু বিশেষ করে তাঁর আদর্শকে স্মরণ করা আজ বেশি প্রয়োজন হয়ে পরেছে। দেশে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে। অথচ বঙ্গবন্ধু তার ধর্মনিরপেক্ষ নীতির মাধ্যমে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়েছেন। তিনি বলেন বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক নীতির আলোকে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করতে হবে। দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চত করা হবে। তিনি বলেন, প্রধাণমন্ত্রী অবশ্য এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছেন যা আরো সম্প্রসারিত করতে হবে। সাধারণ সম্পাদক রোকন রেহান অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।














