দেশজুড়ে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ঈদ-কথন!’

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ মার্চ ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ

বছর ঘুরে প্রতিবার ঈদ নিয়ে অনাবিল আনন্দের উপলক্ষ। সে আনন্দ উদযাপনে থাকে একেকজনের একেক রকম প্রস্তুতি।বিষাদ মাখা জীবনে আনন্দের উপলক্ষ তৈরী করা ঈদ যেনো চৈত্রের অনাবৃষ্টির সময়ে এক পশলা বৃষ্টি নিয়ে আসে। সেই ঈদকে ঘিরে ঘিরে থাকে বিভিন্নজনের স্মৃতি, উচ্ছ্বাস, আকাঙ্খা। তেমনি ঈদ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের কাছ থেকে আজ শুনবো তাদের ” ঈদ-কথন!”

‘ঈদুন মুবারাক’
এ দু’টো শব্দের মাঝে কী যেন এক শক্তি লুকিয়ে আছে যা মুমূর্ষ মনকে সজীব করে তোলে, বিমর্ষ হৃদয়কে সিক্ত করে তোলে অনাবিল আনন্দের সিঞ্জন ধারায়। বুক জুড়ে প্রবাহিত হয় পুলকের স্রোতধারা। হবে নাই বা কেন? রবের আদেশে একটি মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের কিঞ্চিৎ ফালি চাঁদ উদিত হয়, তখন মুমিনের আহ্লাদের ধ্বনি হয়ে ওঠে -‘ঈদুন মুবারাক’।

এবার সে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আবারো আমাদের মাঝে আগমন করেছে শাওয়ালের বাঁকা চাঁদ। পশ্চিম আকাশের পর্দাখানি আলতো ভাবে সরিয়ে নিজের সলাজ মুখখানি প্রকাশ করে, পরক্ষণেই আবার লজ্জাবতীর ন্যায় মুখ ঢেকেছে পর্দার আড়ালে। কিন্তু এ সামান্য সময়ের হাসিটুকুই আনন্দের বার্তা হয়ে ছড়িয়ে গেছে দিগন্ত জুড়ে। হয়ে উঠেছে কোটি হৃদয়ের পুলকের বহর। এ আনন্দ সবার। এ আনন্দ আবাল-বৃদ্ধ-বণিতার। এ আনন্দ তোমার এবং আমার।

ঈদের খুশি ছড়িয়ে যাক প্রতিটি হৃদয়ের সবুজ কোণে। বসন্ত নিয়ে আসুক ব্যাথিত মনে। ছোট-বড় আর ধনী-গরিবের ব্যবধান ভুলে সকলে মিলেমিশে হয়ে যাক একাকার।

আব্দুল্লাহ আল ফাইয়াদ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ঈদ আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে আসে।এই আনন্দের মাত্রা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর জন্য হয়ে উঠে সীমাহীন।দূর শহরে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদ মানে ঘরে ফেরার তাড়না!

ঈদের ছুটি যেনো শুরুই হতে চায় না।বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব বোধ করি তা পরিবার।সেই সাথে শৈশবের সঙ্গী,পুরোনো বন্ধুরা।সিটি,সেমিস্টার,টিউশনের চাপ থেকে মুক্তি লাভ করে পরিবারের সাথে ঈদ উৎযাপন করা এক ভিন্ন অনুভুতির জানান দেয়।সেই সাথে ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা,ঘুরাঘুরি আনন্দকে পূর্নতা দেয়।

ঈদের দিনে ভিন্ন সাধের খাবার আর সালামি ঈদের আনন্দকে বর্ধিত করে।সালামি দেওয়া নেওয়ার এই ছোট্ট অথচ মিষ্টি রীতিটিও ঈদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়।পরিশেষে, ঈদ শুধু উৎসব নয়,এটি ভালোবাসা, আনন্দ আর মিলনের এক অপার অনুভুতি যা মনে শান্তির রং ছড়িয়ে দেয়।

উম্মে হাবীবা ইশা,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সিয়াম-সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। এই শুভদিনে সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে ক্ষমা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করা। ঈদের শিক্ষা সঙ্গী করে পরস্পরের প্রতি সৌহার্দ্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে।

ব্যক্তিজীবনের সমূহ দুঃখ-দুর্দশা ভুলে একসাথে হাসি, মিলেমিশে থাকার উপলক্ষ তৈরী করে এই পবিত্র ঈদ আয়োজন।যান্ত্রিক জীবনের শত শৃঙ্খল ভেঙে একটু হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ যেনো সাহারায় মরুদ্যান আবিষ্কারের স্বরুপ।—ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী প্রথম ঈদ উদযাপন “ঈদের” মতো করেই উদযাপিত হোক তাই যেন হয় সবার শতত কামনা।

ফয়সাল কামাল,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

‘ঈদ’

সিয়াম সাধনার পর অবারিত ফল্গুধারায় ঈদানন্দের ঘ্রাণ চারদিকে সুবাশ ছড়াচ্ছে । মনে হয় যেন পরিশ্রান্ত পথিকের তৃষ্ণা মোটানোর জন্য বহমান প্রস্রবণ ঝর্ণাধারা। ঈদ আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার বান্দার জন্য এক সীমাহীন উপহার। ঈদের মর্যাদা মুসলিম জনগোষ্ঠীর কাছে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকেও কম গুরুত্বপূর্ণ নয়।

বাংলাদেশের মানুষের জন্য এবারের ঈদের আমেজ ভিন্ন মোড়কে হবে বলে আমি মনে করি। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী জনগোষ্ঠীর ঈদ বলতে কিছু ছিলনা। সীমাহীন গুম, খুন, হত্যা, গ্রেফতারে এক মৃত্যু পুরীতে পরিণত হয়েছিল স্বদেশ । সেখানে ঈদের খুশি তো একরকম বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনে এবারের ঈদ হবে এক স্বস্তির নিঃশ্বাসের নাম।

জীবনটা এক দুঃসাহসিক অভিযাত্রীর মতোই । সুখ, দুঃখ, হাসি,কান্না সব কিছু মিলিয়েই জীবনের পদযাত্রা। ঈদ আসে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। ঈদ আসে প্রাণের সাথে প্রাণের মমত্ববোধ, ভালোবাসা, সৌহার্দ্য তৈরি করার জন্য। পারিবারিক, সামাজিক রেষারেষি ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলেয়ে নতুন করে জীবনকে রঙিন আলোয় সাজানোর জন্য। তাই, ঈদের খুশিতে মাতোয়ারা হয়ে উঠুক শুভ্র সুভাশিত গোলাপের মতো মনটা।

সবশেষে বলতে চাই, ঈদ আসুক ফিলিস্তিনি মায়ের কোলে। ঈদ আসুক সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হানদের পরিবারে। ঈদ আসুক জীর্ণ -শীর্ণ, ভূখনাঙা,গরীব দুঃখীর ঘরে। ঈদ আসুক যেভাবে নজরুল চেয়েছিলেন সেভাবে।

তুই পরবি ঈদের নামাজ রে মন
সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজি মুসলিম, হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।

আব্দুল্লাহ সাজিদ সিদ্দিকি,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরও খবর: