জাগোকন্ঠ ২৭ আগস্ট ২০২২ , ৩:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি বলেন, সবকিছু আলোচনার পর শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, একটু ব্যাখ্যা করা দরকার- চা শিল্পে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। সেটা মালিকপক্ষ বহন করে। দৈনিক নগদ মজুরি যেটা ১৭০ টাকা হয়েছে, তার সঙ্গে প্লাকইন বোনাস, বার্ষিক ছুটি ভাতা, উৎসবভাতা ইত্যাদি আনুপাতিক হারে বাড়বে। ভর্তুকিমূল্যে রেশন, চিকিৎসা সুবিধা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের পেনশন, পোষ্যদের শিক্ষা বাবদ ব্যয় সব মিলিয়ে হয়তো দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকা পড়বে।
প্রধানমন্ত্রী শ্রমিকদের সবাইকে কাল থেকে কাজে যোগ দিতে বলেছেন। তিনি শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্য সচিব।
এর আগে শনিবার বিকেল ৪টার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চা বাগানের মালিকরা। মোট ১৩ জন বাগান মালিক এতে অংশ নেন।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা।
















