প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2026 ইং
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রাশেদ খাঁন।
দায়িত্ব গ্রহণের বিষয়টি পরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান তিনি। পোস্টে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।
এর আগে গত রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাশেদ খাঁনকে এ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। পরে তিনি নিজের ফেসবুক পেজে নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি শেয়ার করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। এ নিয়োগের অন্যান্য শর্ত-সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।