প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন যেন নিয়মিতই শুনতে হয় পর্তুগিজ মহাতারকাকে। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন তিনি। বরং সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।
রোনালদো বলেন, আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন, বলেন পর্তুগাল অধিনায়ক।
রোনালদো জানান, এমন আলোচনা ও সমালোচনার সঙ্গে তিনি বহু আগেই মানিয়ে নিয়েছেন, “এসবের সঙ্গে আমি পুরোপুরি অভ্যস্ত।”
বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা অর্জনকে এক করে দেখতে নারাজ ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, একটি শিরোপা তার ক্যারিয়ারের মূল্য নির্ধারণ করতে পারে না, বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।”
রোনালদোর ভাষায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক বিষয়কে ভিন্নভাবে দেখার সুযোগ তৈরি হয়। সমালোচনাকেও এখন তিনি ইতিবাচকভাবে নিতে শিখেছেন, “বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।