প্রিন্ট এর তারিখঃ Nov 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
বাঙ্গরাকে উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল ধর্মমন্ত্রী

কুমিল্লার বাঙ্গরাকে উপজেলা হিসেবে সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বছরের জুলাই মাসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। আমি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারি, সে জন্য উপস্থিত সবার কাছে দোয়া চাই। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত এবং সুস্থতা ও দীর্ঘ কর্মজীবন দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন।
তিনি বলেন, দল, মত নির্বিশেষে মুরাদনগরের উন্নয়নের জন্য চলুন আমরা একসঙ্গে কাজ করি এবং এই সরকারকে সহযোগিতা করি।
সমিতির নামকরণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, সংগঠনটিকে শুধু ‘মুরাদনগর সমিতি’ নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চাই। মুরাদনগর ও বাঙ্গরার মানুষ একই পরিবারের সদস্য— এই বোধ যেন সমিতির কার্যক্রমে সব সময় বজায় থাকে। মুরাদনগরের অনেক কৃতী সন্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
সমিতির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে শত শত দরিদ্র মানুষের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি মেধাতালিকায় স্থান পাওয়া ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেবে।
করোনাকালীন দুর্যোগ ও বিভিন্ন প্রাকৃতিক বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। নিজের অসুস্থতার সময় কাকরাইলের সমিতি ভবনে দোয়ার আয়োজন করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মুরাদনগরের স্কুল-কলেজ, রাস্তাঘাট ও সেতু নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, যে-কোনো গঠনমূলক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে।
মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিঅ্যান্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূইঞা, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েস।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. জামাল উদ্দীন আহম্মদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতা এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।