প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2026 ইং
শরীয়তপুরে নবধারা সংগীত একাডেমীর সংগীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নবধারা সংগীত একাডেমীর আয়োজনে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে মানবতার আলো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবধারা সংগীত একাডেমীর সভাপতি এসএম. এসকেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। বিশেষ অতিথি ছিলেন মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিন।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উদয়ন ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিরন খান, নবধারা সংগীত একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, অর্থ সম্পাদক মামুন খানসহ সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস বলেন, সংগীত ও নৃত্য মানুষের মননশীলতা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সংগীত ও নৃত্যচর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
সভাপতির বক্তব্যে এসএম. এসকেন বলেন, নবধারা সংগীত একাডেমী দীর্ঘদিন ধরে সংগীত ও নৃত্যচর্চার মাধ্যমে নতুন প্রতিভা তৈরিতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক কামরুজ্জামান অপু বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি যারা পুরস্কার পায়নি, তাদেরও অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।
পরে সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।