
২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে বিভক্ত ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনী বই ‘সবর’ আট বছর আগের বিতর্কিত অধ্যায় নতুন করে আলোচনায় এনেছেন। বল বিকৃতির পরিকল্পনা খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সবাই জানত। তার এমন দাবিকে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু তা অস্বীকার করেছেন বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও তৎকালীন কোচ ড্যারেন লেহম্যান। এই বিতর্কের সুষ্ঠু সমাধান করতে ক্রিকেট অস্ট্রেলিয়া গঠন করেছে স্বাধীন ফোরাম, যেখানে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন লেহম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টির আগে এবিসি রেডিও-র এবিসি স্পোর্টস-কে লেহম্যান বলেন, এই বিতর্কে সমাপ্তি টানতে সাহায্য করতে চান তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বপ্রণোদিত উদ্যোগে সম্পৃক্ত না হওয়ার কোনো কারণ দেখছেন না সাবেক কোচ। স্বচ্ছতা, খেলোয়াড়দের মঙ্গল ও নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। একই সঙ্গে স্বীকার করেছেন, আমন্ত্রিত প্রত্যেকের জন্য এই ফোরামে অংশ নেওয়া ব্যক্তিগত ব্যাপার। লেহম্যান বলেছেন, ‘আপনি কেন তা করবেন না, তার কোনো কারণ আমি দেখি না। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা, যত্ন এবং খেলোয়াড়দের নিরাপত্তা এবং মঙ্গল।’
সিএ’র বরাতে অজি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজকেও গোপনীয় ফোরামের আওতায় আনা হয়েছে। ছয় সপ্তাহ ধরে চলবে এই ফোরামের কার্যক্রম। তবে এখানে অংশগ্রহণ হবে সম্পূর্ণ ঐচ্ছিক। অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। ফোরাম শেষে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে কেবল আলোচনার মূল বিষয়গুলো নিয়ে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরস্পরবিরোধী অবস্থানের মাঝে গত সপ্তাহে স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ (শুক্রবার) তারা ফোরামের বিস্তারিত কার্যপরিধি প্রকাশ করেছে। স্বাধীন ফোরামের নেতৃত্ব দেবেন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড এও এসসি। বিচার, আপিল, রয়্যাল কমিশন, অনুসন্ধান ও স্বাধীন পর্যালোচনার কাজে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
লেহম্যান বললেন, ‘কেউ যাবে, কেউ যাবে না, আমার মনে হয় সেটা সম্পূর্ণই ব্যক্তির ওপর নির্ভর করে। যিনি এটি চালাচ্ছেন, ফিওনা ম্যাকলিওড, আমি নিশ্চিত যে তিনি যা জানার দরকার তার গভীরে যাবেন এবং তাদের উত্তর খুঁজে বের করবেন, আর লোকেরাও তাদের কথাগুলো বলবে।’
লেহম্যান স্বীকার করলেন, এই ফোরাম যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, তা অর্জনে সফল হবে কি না জানেন না তিনি। কিন্তু তিনি ম্যাকলিওডের সকল প্রশ্নের উত্তর দেবেন এবং ওই ঘটনা নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরবেন, যাতে এই বিতর্ক আর বেশিদূর না গড়ায়। সাবেক কোচ বলেন, ‘আমার মনে হয় ফিওনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে এবং আমার ব্যাখ্যা তুলে ধরতে আমি এতে অংশ নিবো। নয়তো এটা চলতেই থাকবে, তাই না? আমরা চেষ্টা করছি এটা একটা জায়গায় গিয়ে থামিয়ে দেওয়ার। খেলার জন্য এটা ভালো কিছু নয়।’
ছয় সপ্তাহের এই ফোরামে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড়, কোচ ও স্টাফ অংশ নিতে পারবেন। তবে সিএ’র প্রকাশিত কার্যপরিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘অংশগ্রহণ হবে স্বেচ্ছামূলক।’ কেউ অংশ নেবেন কি না, সেই সিদ্ধান্তের কারণে তার বিরুদ্ধে ইতিবাচক বা নেতিবাচক কোনো ধারণা তৈরি করা হবে না। তারা লিখিত বক্তব্য কিংবা চাইলে সরাসরি অথবা দূর থেকে ব্যক্তিগতভাবে ম্যাকলিওডের সঙ্গে কথা বলতে পারবেন। এ ছাড়া পারস্পরিক সম্মতিতে অন্য কোনো পদ্ধতিতেও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকবে। নিজেদের বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় নথি বা অন্যান্য উপকরণও জমা দিতে পারবেন তারা।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছেও সেসব নথি উপস্থাপন করা হবে না। বরং ফোরামে পাওয়া সব মতামত ও তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবেন ম্যাকলিওড। সেই প্রতিবেদনে অংশগ্রহণকারীদের সংখ্যা ও তাদের বক্তব্যের ধরন, বক্তব্যের প্রধান বিষয়গুলো এবং ভবিষ্যতে উন্নতির জন্য সুপারিশ থাকবে। প্রতিবেদন হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে সেটি সম্পূর্ণ প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে সিএ। একই সময়ে প্রতিবেদনটির বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থানও জানাবে তারা। সে হিসেবে ২০২৭ সালের জানুয়ারির শেষদিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে প্রতিবেদনটি প্রকাশিত হতে পারে। ওই সময় ভারত সফরে থাকার কথা অস্ট্রেলিয়া দলের।