প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেন না, দাবি সাবেক কোচের

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান। দলের সাবেক ওপেনার ক্যামেরন বেনক্রফটের সাম্প্রতিক অভিযোগের পরও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। তবে দলের সংস্কৃতির দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই কোচ।
সম্প্রতি এক দীর্ঘ বিবৃতিতে বেনক্রফট দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেকেই জানতেন। তার ভাষ্য অনুযায়ী, ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন এবং সেই আলোচনায় লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারও উপস্থিত ছিলেন।
বেনক্রফট আরও দাবি করেন, টেলিভিশন ক্যামেরায় তার হাতে স্যান্ডপেপার ধরা পড়ার পর লেম্যান ওয়াকিটকিতে পিটার হ্যান্ডসকমকে সেটি সরিয়ে নিতে বলেছিলেন। তবে লেম্যান এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে তিনি বলেন, ‘না, আমি জানতাম না যে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে। তখন আমি কোচ ছিলাম, তাই এর দায় আমাকে নিতে হবে। এটা ছিল বিশ্বের সেরা চাকরি। যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। পরিস্থিতি সীমা ছাড়িয়ে যাওয়ার দায় আমার।’
দলের তখনকার মানসিকতা নিয়েও কথা বলেছেন লেম্যান। তার মতে, জয়ের জন্য সবকিছু করার প্রবণতা দলকে ভুল পথে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি। বল রিভার্স সুইং করানোর চেষ্টা করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছিলাম।’
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় বেনক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান লেম্যান। তবে শুরু থেকেই স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে না জানার দাবি করে আসছেন তিনি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।