প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
দল হারলেও মাইলফলকের আরও কাছে রোনালদো

ক্যারিয়ারের এক হাজারতম গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানা রোনালদো। তবে পেনাল্টি ব্যর্থতার রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরে গেছে তার দল আল নাসর। ম্যাচের শুরুতেই পর্তুগিজ মহাতারকা দলকে এগিয়ে দিলেও পরে পেনাল্টি মিস করেন। এরপরই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিক আল আহলি।
শুক্রবার (২০ নভেম্বর) আল আহলির মাঠে প্রথমার্ধের ১৫ মিনিটেই দারুণ এক ভলিতে আল নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস থেকে দূরের কোনা দিয়ে বল জালে জড়ান তিনি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১০ম গোল।
তবে প্রথম গোলের মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রোনালদো। বক্সের ভেতর নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু রোনালদোর জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিতেই ব্যর্থ হলেন তিনি। সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এই প্রথম টানা দুটি পেনাল্টি মিস করলেন এই ফরোয়ার্ড।
রোনালদোর পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে চমৎকার শটে আল আহলিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনো।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল আহলি। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি, যা চলতি মৌসুমে তার ১৪তম গোল। এর চার মিনিট পরই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজ ব্যবধান আরও বাড়িয়ে আল আহলির জয় নিশ্চিত করেন। এই জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে আল আহলি। আল নাসরের চেয়ে তারা এখন মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে। লিগে চলতি মৌসুমে দ্বিতীয় হারের পরও তিন নম্বরেই রয়েছে আল নাসর।
দলের হারেও এক হাজার গোলের দিকে এগিয়ে চলেছেন রোনালদো। ক্লাব ও দেশ মিলিয়ে তার অফিশিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।