প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
পিসিবির নতুন সিদ্ধান্ত, দুই ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে বাবর-শাহিনরা

পারফরম্যান্স ও ফরম্যাটভিত্তিক খেলার নিরিখে এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির বিবেচনায় থাকেন ক্রিকেটাররা। এবার ফরম্যাট অনুযায়ী আলাদা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো চুক্তিতে দেশটির ৩৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
এক বিবৃতিতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির এই তালিকা প্রকাশ করেছে পিসিবি। এর আগে প্রচলিত ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক গ্রেডিং ব্যবস্থা অনুসরণ করা হতো, যা এখন বাতিল করা হয়েছে। এর পরিবর্তে খেলোয়াড়দের জন্য পাঁচটি ভিন্ন শ্রেণি বা ‘ট্র্যাক’ নিয়ে গঠিত একটি নতুন কাঠামো চালু করা হয়েছে, যা ফরম্যাট-নির্ভর।
সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, প্রকাশিত তালিকায়, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা– এই দুই তারকা খেলোয়াড়ই কেবল সর্বোচ্চ স্তর বা ‘ট্র্যাক-এ বি’তে আছেন। টেস্ট ও ওয়ানডে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। ‘ট্র্যাক-বি সি’ বা ওয়ানডে ও টি-টোয়েন্টি চুক্তিতে আছেন– শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।
কেবল টেস্ট ফরম্যাটের বিবেচনায় ট্র্যাক-এ চুক্তিতে জায়গা পেয়েছেন– আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। এ ছাড়া শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ট্র্যাক-সি এর চুক্তিতে হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে উদীয়মান ১৯ ক্রিকেটারকে। সেখানে আছেন– সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজি ঘোরি, রাজাউল্লাহ, আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ ইমরান রনধাওয়া, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেন, এবং উকিব।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।