প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
এক সিনেমায় শুভ-চঞ্চল-তমা, থাকতে পারেন মাহিও

ঢাকাই সিনেমার জনপ্রিয় কিছু অভিনয়শিল্পীদের নিয়ে নতুন সিনেমার খবর শোনা যাচ্ছে। সেই সিনেমার নাম ‘মস্তান’। যেখানে দেখা যেতে পারে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী ও তমা মির্জার পাশাপাশি সামিরা খান মাহিকেও। সিনেমাটি নির্মাণ করছেন কিসলু গোলাম হায়দার।
বেশ কিছু সংবাদমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। নির্মাতা কিসলু সিনেমাটির অভিনয়শিল্পীদের বিষয়টি নিশ্চিত করেছেন বলেই খবর। বিস্তারিত কিছু জানাননি; তবে সিনেমাটি আন্ডারওয়ার্ল্ড, গ্যাংস্টারদের গল্প নিয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন।
নির্মাতা সূত্র জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে ‘মস্তান’ মুক্তি পাবে।
দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত কিসলু গোলাম হায়দার। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও কাজ করেছেন তিনি। এবার ‘মস্তান’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। কাস্টিং ঠিক থাকলে একই সিনেমা দিয়ে অভিনেত্রী সামিরা খান মাহিরও বড় পর্দায় অভিষেক হবে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।