প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
চিকাজানি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত অভিযোগ দ্রুত, সহজে এবং স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, ইউপি সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মমিন এবং স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জাকিয়া সুলতানা।
মতবিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করা, আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে অল্প সময়ে, স্বল্প খরচে এবং নিজ এলাকার মধ্যেই অনেক বিরোধের নিষ্পত্তি সম্ভব। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এর সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।