প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে’

আসন্ন ২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে- সেটা নিয়ে সহ-আয়োজক স্পেন ও মরক্কোর মধ্যে চলছে আলোচনা। এর মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ফাইনাল স্পেনের মাটিতেই হতে হবে। তার দাবি, ফাইনাল আয়োজনের জন্য পর্তুগালের পর্যাপ্ত ধারণক্ষমতার স্টেডিয়াম নেই। ফলে দৌড়ে এগিয়ে আছে স্পেন।
মাদ্রিদে একটি ব্যবসায়িক ফোরামে মঙ্গলবার বক্তব্য দেন লোজান। সেখানে তিনি বলেন, ‘এটি ইউরোপীয় মহাদেশের বিশ্বকাপ। তাই এটি স্পেন ও পর্তুগালেরও বিশ্বকাপ।’ তবে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে পর্তুগালকে আর বিবেচনায় রাখছেন না তিনি। তার মতে, বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে অন্তত ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম প্রয়োজন। পর্তুগালে এমন কোনো স্টেডিয়াম না থাকায় দেশটি ফাইনাল আয়োজনের আগ্রহ দেখায়নি।
অন্যদিকে ফাইনাল আয়োজনের জন্য জোরালোভাবে নিজেদের অবস্থান তৈরি করছে মরক্কো। দেশটিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে কিং হাসান দ্বিতীয় স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা হতে পারে ১ লাখ ১৫ হাজার, যা বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া ভেন্যুতে পরিণত হবে। তবে এসব বিবেচনার মধ্যেও স্পেনের দাবিতে অনড় লোজান।
তিনি বলেন, ‘ফাইনাল শুধু স্পেনেই হতে পারে, এবং সেখানেই হবে। বিষয়টি নিয়ে যেন আর অনিশ্চয়তা না থাকে, সে জন্য ফিফার সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা করে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।’
২০২৪ সালে জমা দেওয়া প্রাথমিক বিড নথিতে স্পেনের সম্ভাব্য ভেন্যু হিসেবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যুয়ের নাম ছিল। মরক্কোর একটি ভেন্যুও তালিকায় রাখা হয়েছিল।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।