প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
ভারতীয় পেসারকে শাস্তি দিলো আইসিসি

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্টকে আউট করে আগ্রাসী উদ্যাপনের খেসারত দিতে হলো ভারতের পেসার গুরনুর ব্রারকে। আইসিসির আচরণবিধি ভাঙায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ঘটনাটি ঘটে। ইনিংসের ১২তম ওভারে সাইফার্টকে আউট করার পর তার দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদ্যাপন করেন ব্রার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থ বিরাট কোহলি ব্রারকে সরিয়ে নেন।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ব্রার। এই ধারায় কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা তাকে অপমানিত করতে পারে কিংবা তাকে উসকে দিতে পারে।
এটি ২৪ মাসের মধ্যে ব্রারের দ্বিতীয় অপরাধ। ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে হয়েছে দুই। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ব্রার। তাই এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি হতে পারে। ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।