প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
রোহিঙ্গা গণহত্যা নিয়ে ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ নিয়ে এটি হতে যাচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ রায়। এর প্রভাব পড়তে পারে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান পৃথক গণহত্যা মামলাতেও।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে- এ অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির শুনানি ও নথিপত্র পর্যালোচনায় সাত বছর সময় নিয়েছেন আদালতের বিচারকেরা।
গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনও জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল কি না, সেটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
রোহিঙ্গাদের পক্ষে কাজ করা আইনজীবীরা বলছেন, গ্রামে গ্রামে হামলা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গুরুত্বপূর্ণ হতে পারে।
গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজনের সাক্ষ্যও রুদ্ধদ্বার শুনানিতে গ্রহণ করে আদালত। তাদের বর্ণনায় হত্যা, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের ভয়াবহ অভিজ্ঞতা উঠে আসে।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান।
আইসিজের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নেও এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। মিয়ানমারের ভেতরে রয়ে গেছেন আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা।
সূত্র: দ্য গার্ডিয়ান
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।