প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
সিলিকন ভ্যালিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় চীনা গুপ্তচররা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালিতে দীর্ঘদিন ধরেই চীনা ও অন্যান্য দেশের গোয়েন্দাদের তৎপরতা চলছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত চিপ ও সামরিক প্রযুক্তিসংশ্লিষ্ট তথ্য চুরির লক্ষ্য নিয়ে এসব তৎপরতা চালানো হচ্ছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর প্রেমের সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বহু বছর ধরেই সিলিকন ভ্যালিকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করে আসছেন। চীন ও রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও ইসরায়েলের গোয়েন্দাদের তৎপরতাও সেখানে অনেকটা প্রকাশ্য গোপন বিষয়।
তবে সাবেক এফবিআই কর্মকর্তাদের দাবি, নেতিবাচক প্রচারণায় ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ও মার্কিন কর্মকর্তারা গুপ্তচরবৃত্তির তদন্ত আড়াল করার চেষ্টা করেছেন।
এমন একটি ঘটনা ঘটেছিল ১৯৮০-এর দশকের শেষ দিকে। সে সময় সান ফ্রান্সিসকোয় এফবিআইয়ের কর্মকর্তারা সামরিক কাজে ব্যবহারযোগ্য গোপন প্রযুক্তি নিয়ে কাজ করা সিলিকন ভ্যালির একটি প্রতিষ্ঠানে চীনা গোয়েন্দা সন্দেহে এক নির্বাহীর সন্ধান পান। নজরদারি বাড়িয়ে তাকে সান ফ্রান্সিসকো থেকে বেইজিং যাওয়ার সময় পাচার করা কম্পিউটার ডিস্কসহ আটক করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নেতিবাচক প্রচারণার আশঙ্কায় তদন্তে সহযোগিতা না করায় মামলাটি ভেস্তে যায়।
সাবেক সিআইএ কর্মকর্তা ডেনিস ওয়াইল্ডার বলেন, চীনা গোয়েন্দারা ব্যক্তিগত ও যৌন সম্পর্ককে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করে থাকেন। গুপ্তচরবৃত্তির ভাষায় এ কৌশলকে ‘হানিট্র্যাপ’ বলা হয়।
এদিকে হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তিনি এনভিডিয়ার উন্নত চিপের ক্রেতা প্রতিষ্ঠান মেগাস্পিডের জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে চীনে উন্নত চিপ সরবরাহে প্রতিষ্ঠানটির ভূমিকা ছিল কি না, তা নিয়ে সিঙ্গাপুরে তদন্ত চলছে।
এদিকে এআই প্রযুক্তি ও বাণিজ্যিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তদন্ত জোরদার করেছে।
তবে হুয়াং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার কথিত গোয়েন্দা সংশ্লিষ্টতা জানতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।