প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে কারাগার থেকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির কারাগার থেকে ইমরানের ওই দুই বোনকে মুক্তি দেওয়া হয়েছে বলে তাদের আইনজীবী জানিয়েছেন। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনায় জড়িত অভিযোগে কয়েক সপ্তাহ আগে তাদের আটক করা হয়েছিল।
আইনজীবী মুদাসসির উমর বলেছেন, সরকার তাদের আটকের আদেশ স্থগিত করার পর পূর্বাঞ্চলীয় শহর লাহোরের কোট লাখপত কারাগার থেকে উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দেওয়া হয়েছে।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, তার আরেক বোন আলিমা খান এখনও কারাগারে রয়েছেন। পাকিস্তান সরকার বলেছে, ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রার আগে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে তাদের আটক করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ওই পদযাত্রা আর অনুষ্ঠিত হয়নি।
বিক্ষোভ আয়োজনের দায়িত্বে থাকা ইমরান খানের দলের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি দেশটির তথ্য মন্ত্রণালয়।
উজমা খানের ছেলে ওয়ালি খান তার মাকে কেন ৫৩ দিন আটকে রাখা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হলো, তার ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, এসব সিদ্ধান্ত আইনের ভিত্তিতে নেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাদের কারাবন্দী করাটা যেমন ছিল খেয়াল খুশিমতো, মুক্তি দেওয়াটাও তেমনই।
ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার একদিন পর তার বোনদের মুক্তি দেওয়া হলো। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের কর্মকর্তারা বলেছেন, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খানকে ডান চোখের সমস্যার জন্য একটি ইনজেকশন এবং রক্তচাপের চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৪ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন এবং তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
একটি ছাড়া ইমরান খানের সব কটি সাজার রায় স্থগিত বা বাতিল করা হয়েছে এবং আপিলগুলো বিচারাধীন রয়েছে। তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার এই দাবি অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।