প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তার হুমকির পর বাড়ি ছেড়ে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্কট বেসেন্ট ওয়াশিংটনে তার বাড়িতে থাকতেন। হুমকির পর এখন তিনি একটি ঘাঁটিতে আছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে কাজ করছেন বেসেন্ট। তিনি তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জে ক্লেটন গতমাসে জানান ইরান মধ্যপ্রাচ্যে এবং তারও বাইরে মার্কিনিদের পর হামলা চেষ্টা বাড়িয়ে দিয়েছে। যারমধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্টও আছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন তিনটি সূত্র।
ইরানিদের ‘টার্গেট কিলিং’-এর হুমকি পরবর্তী ধাপে পৌঁছেছে। তবে অর্থমন্ত্রী বেসেন্টের জীবনের নিরাপত্তা কতটা হুমকিতে ছিল সেটি নিশ্চিত নয়।
এমন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে তার সব অপ্রয়োজনীয় কূটনীতিককে সরিয়ে নেয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের হামলা বাড়িয়ে দেওয়ার পরই এমন উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।
এছাড়া ইরানের হুমকির কারণে দুটি ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের একাধিক বিমান সরিয়ে নিয়েছে বলেও খবর বের হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাদের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে যে ধস নামছে, এতে নতুন করে আর সামরিক হামলার কোনো প্রয়োজনীয়তা হবে না। যদিও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। যা এখনো হয়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।