
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে আলোচিত বল টেম্পারিং ঘটনা নিয়ে নতুন করে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। ঘটনার প্রায় সাত বছর পর স্যান্ডপেপার ইস্যুতে সাবেক অজি ক্রিকেটার উসমান খাজার একটি মন্তব্য ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাঁ-হাতি এই ক্রিকেটার দাবি করেন, স্যান্ডপেপার (কাগজ ঘষার শিরিষ কাগজ) ব্যবহারের বিষয়টি পুরো দলেরই জানা ছিল। তার ভাষ্যমতে, পোর্ট এলিজাবেথে (গেবেরহা) অনুষ্ঠিত আগের টেস্টেও এটি ব্যবহৃত হয়েছিল। খাজার বক্তব্যের পর তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার তাকে সমর্থন জানিয়েছেন এবং তার দাবিকে ‘শতভাগ সঠিক’ বলে অভিহিত করেছেন।
‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর কাছে খাজার নতুন করে তথ্য প্রকাশের ঘটনা ক্রিকেট বিশ্বে আবারও আলোড়ন সৃষ্টি করেছে। ওই সময় অস্ট্রেলিয়া দলের তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল। খাজার এই দাবি, ২০২১ সালে অজিদের চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের দেওয়া যৌথ বিবৃতির বিপরীত দাবি করেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়ে তাদের আগে থেকে কোনো ধারণাই ছিল না।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ওয়ার্নার ‘সত্য’ সামনে আনার জন্য খাজাকে ধন্যবাদ জানান। পাশাপাশি, খাজার আসন্ন আত্মজীবনী ‘সবর’-এর প্রচারের কৌশল এমন ধারণাকেও তিনি নাকচ করে দেন।
ওয়ার্নার বলেন, উজি (খাজা), আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে, এটি সবার সামনে চলে এসেছে।
খাজা তার বিস্ময় প্রকাশ করেছিলেন, বল টেম্পারিংয়ের ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া যখন তদন্ত করছিল, তখন তাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। অথচ পুরো ম্যাচজুড়ে তিনি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসে ছিলেন। ওয়ার্নারও একই সুর টেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন। সেই তদন্তের জের ধরেই স্মিথ, ব্যানক্রফট এবং ওয়ার্নারকে নিষিদ্ধ করা হয়েছিল।
ওয়ার্নারকে সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোনো ধরনের নেতৃত্ব বা অধিনায়কের দায়িত্ব পালনের ওপর তাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও ২০২৪ সালে একটি স্বাধীন পর্যালোচনা প্যানেল এই নিষেধাজ্ঞা তুলে নেয়।
ওয়ার্নার বলেন, পুরো সাক্ষাৎকার বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োপূর্ণ এবং ত্রুটিপূর্ণ। উজি তো ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসে ছিল। অথচ উজিকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি। একে কীভাবে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত বলা যায়? বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি, আর পুরোনো ক্ষতও নতুন করে খুঁড়ে তুলছি না। বিষয়টি হলো জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখা। হয়তো এখন সময় এসেছে ব্যক্তিকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ করার; বরং যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদের কাছে জবাবদিহিতা চাওয়ার সময় হয়েছে।
সাবেক এই বাঁহাতি ক্রিকেটা বলেন, গত আট বছরে এই ঘটনা নিয়ে গণমাধ্যমে অনেক ‘বিবৃতি ও ভুল তথ্য’ এসেছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কথা বলার আগে তিনি কয়েক দিন সময় নিয়েছেন, যাতে নিজের মেয়েদের সঙ্গে কথা বলে সেই টেস্ট ম্যাচের পরবর্তী ঘটনাপ্রবাহ তাদের কাছে ব্যাখ্যা করতে পারেন। ক্যামেরায় দেখা যায়, পরিবারের সঙ্গে বাড়ি ফেরার সময় ওয়ার্নার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
ওয়ার্নার বলেন, আমাকে তাদের কাছে খুলে বলতে হয়েছে ঠিক কী ঘটেছিল। আমার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন আমরা তাকে জড়িয়ে ধরে আছি, কেন এত ক্যামেরা সেখানে ছিল, আর কেনই বা আমরা টিভিতে কাঁদছিলাম। এটি করা খুব কঠিন ছিল, তবে আমি তাদের একটি কথাই বলেছি, ‘মা, সবসময় সত্য বলবে। কারণ মিথ্যা একসময় না একসময় বেরিয়ে আসেই।
ওয়ার্নার উল্লেখ করেন, এই ঘটনাটি পুনরায় সামনে নিয়ে আসা তার পরিবারের জন্য পাশাপাশি স্মিথ ও ব্যানক্রফটের জন্যও একটি কঠিন সময় ছিল। তবে তিনি বিশ্বাস করেন, সত্যটি বেরিয়ে আসা প্রয়োজন ছিল।