
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আক্রমণভাগে প্রকৃত ‘নম্বর নাইন’ বা স্বাভাবিক স্ট্রাইকারের অভাব নিয়ে কথা বলেছেন প্রধান কোচ থমাস ডুলি। তাঁর মতে, গোল করার সহজাত প্রবৃত্তি ও আক্রমণাত্মক মানসিকতাসম্পন্ন একজন স্ট্রাইকার না থাকলে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই কঠিন হয়ে পড়ে।
সাফে নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ ইব্রাহীমের একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে ‘নম্বর নাইন’ হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলান কোচ ডুলি। কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। তবে ফরোয়ার্ড হিসেবে তাঁর সম্ভাবনা দেখছেন বাংলাদেশ কোচ।
রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, ‘নম্বর নাইন না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনি কী করতে চান? আপনি জানেন, আপনার এমন একজন মানুষ দরকার যার এ বিষয়ে একটা সহজাত প্রবৃত্তি বা গোল করার সুনিপুণ দক্ষতা আছে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনাকে শারীরিকভাবে কড়া হতে হবে, খুব বেশি শারীরিক ফুটবল খেলতে হবে; কারণ ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই।’
প্রথম ম্যাচে ৬৪ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন বিশ্বনাথ। এ সময়ে কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি তিনি। তবে বিশ্বনাথের শারীরিক উপস্থিতি ও মাঠের শরীরী ভাষায় সন্তুষ্ট কোচ। সুযোগগুলোও তাঁর জন্য খুব একটা সহজ ছিল না বলে মনে করেন ডুলি।
বিশ্বনাথের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, ‘বুঝতেই পারছেন, তাঁর সামনে যতগুলো সুযোগ এসেছিল, সেগুলোর ক্ষেত্রে একটু দুর্ভাগ্য ছিল। একসময় তাঁকে পা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে হয়েছিল, সে ঠিকমতো পজিশন নিতে পারেনি কিন্তু সে সেখানে উপস্থিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আরেকবার সে (বিশ্বনাথ) হেড করার সুযোগ পায়, তাঁকে একটু পেছনে যেতে হয়েছিল, এটাও কিছুটা দুর্ভাগ্যজনক। আর সে যে শটটি নেয়, দেখবেন বলটি ঠিক শট নেওয়ার আগেই মাটিতে বাউন্স করে।’
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হওয়ার কথা শ্রীলঙ্কার। প্রতিপক্ষকে পরখ করতে আগেভাগেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন বাংলাদেশ কোচ।
আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা-ভুটান ম্যাচে লঙ্কানরা হারলে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ সহজ হবে। তবে গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শ্রীলঙ্কা দলে রয়েছেন ১৯ জন বংশোদ্ভূত খেলোয়াড়। তাঁদের অনেকেই অস্ট্রেলিয়া, জার্মানি ও সাইপ্রাসের বিভিন্ন লিগে খেলেন।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।