প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি : খাজার দাবি নিয়ে ইংল্যান্ড লিজেন্ডের প্রশ্ন

আট বছর আগে কেপটাউনে ঘটে যাওয়া স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নতুন করে উসকে দিয়েছেন উসমান খাজা। ক্রিকেট ইতিহাসে অন্যতম বিতর্কিত হয়ে থাকা এই ঘটনা নতুন মোড় নিয়েছে তার প্রকাশিত হতে যাওয়া আত্মজীবনীমূলক বই ‘সবর’এ।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দোষী সাব্যস্ত হন। কিন্তু খাজার দাবি, শুধু এই তিন জন নয়, এই বিতর্কিত ঘটনায় খেলোয়াড়-কোচদের সবাই জড়িত। ওয়ার্নার, ব্যানক্রফট ও স্মিথ সবার হয়ে নিজেদের ঘাড়ে দোষ নিয়েছে!
খাজা দাবি করেন, পুরো দল এমনকি ওই সময়কার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও ভালোভাবে জানতেন, তারা বল নিয়ে কিছু করতে যাচ্ছেন। এমনকি স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার আগে মূল অভিযুক্ত ব্যানক্রফট প্রধান কোচের সঙ্গে লম্বা আলোচনা করেন। যদিও খাজার এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেহম্যান।
সত্যিটা কী আর কোনটা সঠিক, তা এখনই বলা কঠিন। বহু বছর পার হয়ে গেছে। তবে নতুন করে ওঠা এই বিতর্কের প্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট লিজেন্ড স্যার জিওফ্রে বয়কট একটি যৌক্তিক প্রশ্ন করেছেন। সবশেষ অ্যাশেজ টেস্ট সিরিজের পর অবসর নেওয়া ব্যাটারকে তার প্রশ্ন, কীভাবে পুরো দল এই ঘটনায় জড়িয়ে পড়তে পারে?
সন্দেহের চোখে দেখছেন তিনি খাজার দাবিগুলো। এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন, দলের সবাই যখন জানেন ব্যাপারটা, তখন কেউ কেন বলল না যে খেলায় প্রতারণা করা ঠিক নয়। বয়কট লিখেছেন, ‘আমি খাজার কাছে ব্যাখ্যা জানতে চাই, কীভাবে পুরো দল প্রতারণা করার পর্যায়ে পৌঁছাল, যেখানে কেউ বা কোনো খেলোয়াড় বলেনি যে এটা ঠিক নয় এবং এর অংশ হতে অস্বীকার করেনি।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।