প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
হুথিদের মিসাইল আঘাত হানল রিয়াদের আরামকো টাওয়ারে

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের ছোড়া মিসাইল আঘাত হেনেছে রিয়াদের কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিকের আরামকো টাওয়ারে।
দুজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, তারা উঁচু এ ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখতে পেয়েছেন। একজন বলেছেন, নিশ্চিতভাবে আরামকো টাওয়ারকে টার্গেট করা হয়েছে।
অপর বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, হুথিদের ছোড়া মিসাইল প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রিয়াদের আরামকো টাওয়ারে মিসাইল আঘাত করার তথ্য সংবাদমাধ্যমে আসলেও; সৌদি আরব বিষয়টি এখনো নিশ্চিত করেনি। কিন্তু হুথিদের ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি করেছে দেশটি।
রোববার (৮ নভেম্বর) সকালে সৌদির পূর্বাঞ্চলে প্রথমে সতর্কতা জারি করা হয়। এর দুই ঘণ্টার মধ্যে রিয়াদেও সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানো হয়।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিরা একেঅপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে যা চরম আকার ধারণ করেছে।
গতকাল সৌদির বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরপরই সৌদিতে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।
জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি ও হুথিদের মধ্যে সম্পর্ক তুলনামূলক শান্ত ছিল। কিন্তু ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়েছে।
তখন থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থানে বোমা বর্ষণ করে আসছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীও তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: এএফপি, রয়টার্স
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।