প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
বেরোবিতে 'জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের উদ্যোগে 'Journal of Life and Earth Sciences (Volume 2, December 2024)'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত জার্নাল প্রকাশনা নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, শুধুমাত্র অভ্যন্তরীণ প্রকাশনা নয়, আন্তর্জাতিক মান বজায় রেখে গুণগত গবেষণা ও কনফারেন্স আয়োজনের মাধ্যমে গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হবে। তিস্তা অববাহিকার জীবিকা ও পরিবেশগত বৈচিত্র্য নিয়ে গবেষণার বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধান অতিথিসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।