প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
‘এটা সম্পূর্ণ ভুয়া’, ফেক আইডি নিয়ে মুখ খুললেন ঐশী

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা হয়েছে একটি ভুয়া ফেসবুক আইডি। সেই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে তৈরি হয় বিভ্রান্তি। বিষয়টি নজরে আসার পর নিজের অবস্থান পরিষ্কার করে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সতর্ক করেছেন এই অভিনেত্রী।
ঐশী স্পষ্ট জানিয়েছেন, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়া। এটি তিনি নিজে পরিচালনা করেন না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই। তার সঙ্গে ফেসবুকে যোগাযোগের জন্য এটিই একমাত্র আনুষ্ঠানিক পেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পরিচয়ে খোলা ভুয়া অ্যাকাউন্টটির বিষয়ে সবাইকে সতর্ক করেন ঐশী। তিনি জানান, বিনোদন অঙ্গনের বেশ কয়েকজনের কাছেও ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তাদের কেউ কেউ তার সঙ্গে যোগাযোগও করেছেন।
এ ঘটনায় বিভ্রান্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কেউ যেন ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করেন কিংবা কোনো বার্তার জবাব না দেন। সম্ভব হলে অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি।
নিজের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া অ্যাকাউন্ট নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিষয়টি বুঝতে পারা এবং তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঐশী।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।