প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর আহ্বান

তরুণ সমাজকে ধ্বংসাত্মক মাদকাসক্তি থেকে দূরে রাখতে কেবল চিকিৎসা বা পুনর্বাসন নয়, বরং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল- ‘জীবনের অভিজ্ঞতা শুনি : সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।
চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানো আবশ্যক। তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ওপর নির্ভর করলে চলবে না, বরং তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং যেকোনো সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর বিশেষজ্ঞ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।