প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল, বহুলী ও খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান খোকা।
সভা সঞ্চালনা করেন খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেদ রোকনী ও বহুলী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীসহ শিয়ালকোল, বহুলী ও খোকশাবাড়ী ইউনিয়ন যুবদল এবং বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে এখন থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন প্রজন্মের নেতাকর্মীদের সম্পৃক্ত করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। পারস্পরিক সমন্বয়, দায়িত্বশীল আচরণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান তাঁরা।
আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে সভায় বিভিন্ন প্রস্তুতিমূলক পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় তিন ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সম্মিলিতভাবে অংশগ্রহণ এবং তা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।