প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

চার দশক পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে নয় গোল হজম করেছে। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে নানা সমালোচনা। হামজা-সামিতের মতো ফুটবলার আসার পরও ইন্দোনেশিয়ার বিপক্ষে এত বড় ব্যবধানে হার বাংলাদেশের ফুটবলকে বড় ধাক্কাই দিয়েছে।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ এই ধাক্কা খেলেও বাফুফে কর্তারা এখনও সভায় বসতে পারেননি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। ৮ অক্টোবর জাতীয় দল কমিটির সভা হওয়ার কথা ছিল। আজ বিকেলের দিকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেডারেশনের এক্সিকিউটিভের বার্তা, ‘পরবর্তী তারিখ না জানানো পর্যন্ত আগামীকালের সভা অনিবার্য কারণে স্থগিত।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে শুধু ৯ গোলই নয়, দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটে ক্লাবের ছবিও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে বাফুফে এখনও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপও নেয়নি। থমাস ডুলির অধীনে বাংলাদেশ প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সেখানে তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে।
এমন ঘটনার পর যখন ফেডারেশনের জাতীয় দল কমিটির জরুরি সভা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্ধারিত সভা স্থগিত হয়েছে। জাতীয় দল কমিটির সভায় আসিয়ান কাপের খেলোয়াড়-কোচের পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে কথা হবে। ইন্দোনেশিয়ায় থাকা তিন কর্মকর্তা (ম্যানেজার বাবু, দলনেতা ইকবাল ও কো-অর্ডিনেটর আমের খান) আবার জাতীয় দল কমিটিরও সদস্য। ফলে সভায় খানিকটা উত্তপ্ততাও ছড়ানোর আভাস রয়েছে। জাতীয় দল কমিটির আগামীকালের সভা স্থগিত হলেও ১১ অক্টোবর বাফুফের নির্বাহী কমিটির মিটিংয়ের সূচি এখনও অবশ্য বহাল রয়েছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।