প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে রেকর্ড গড়েছে পর্তুগালের ডিজেলের বাজার। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে প্রায় দুই ইউরো ১৫ সেন্টে পৌঁছাতে চলেছে। অন্যদিকে, স্পেনের সরকার জ্বালানির ওপর প্রতি লিটারে ২০ সেন্ট বিশেষ ছাড় দেওয়ায় সেখানে ডিজেলের দাম ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আকস্মিক এই মূল্য পার্থক্যের কারণে পর্তুগালের সীমান্তবর্তী এলাকার চালকরা সস্তায় জ্বালানি কিনতে দলে দলে স্পেনে পাড়ি জমাচ্ছেন।
পর্তুগালের জাতীয় জ্বালানি খুচরা বিক্রেতা সংগঠনের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে। যদিও পর্তুগিজ সরকার পেট্রোলিয়াম পণ্যের ওপর করের মওকুফ কিছুটা পরিবর্তন করার ঘোষণা দিয়েছে, তবে তা ডিজেলের আকাশচুম্বী দাম সামাল দিতে ব্যর্থ হয়েছে। দেশটির জ্বালানি খাতের শীর্ষ প্রতিনিধিরা সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেছেন, সরকার জ্বালানি সংকটের সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। তাদের দাবি, পর্তুগালে ডিজেলের দামের বড় একটি অংশই চলে যায় করের পেছনে, যা স্পেনের বাজার ব্যবস্থার সঙ্গে একেবারেই মিলছে না।
এর বিপরীতে স্পেনের পেদ্রো সানচেস সরকার জ্বালানি মূল্যবৃদ্ধির চাপ কমাতে প্রতি লিটারে ২০ সেন্টের নতুন ছাড় চালু করেছে। এর ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে কেবল মাল্টাতেই জ্বালানির দাম স্পেনের চেয়ে কম রয়েছে। বর্তমানে স্পেনে প্রতি লিটার ডিজেলের গড় দাম নেমে এসেছে প্রায় এক ইউরো ৮০ সেন্টে। অথচ ইউরোপের অন্য প্রান্তে ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জার্মানির মতো দেশগুলোতে চালকদের প্রতি লিটার ডিজেলের জন্য আড়াই ইউরো পর্যন্ত চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে।
ইউরোপজুড়ে জ্বালানির এই অস্বাভাবিক দামবৃদ্ধির মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে দায়ী করা হচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যকার সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল একশ ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে সৃষ্ট বৈশ্বিক সরবরাহ সংকটের সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের অর্থনীতির ওপর।
সূত্র: ইউরো নিউজ
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।