প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। সম্মেলনের শুরুতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত ধরে ছবি তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোও সঙ্গে ছিলেন।
শনিবার ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে মোদি লিখেছেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ শুরু হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্মেলনের মূল পর্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের শুরুতে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান মোদি।
তিনি বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ভূমিকা রাখার জন্য গ্লোবাল সাউথের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দিতে ভারত প্রস্তুত।
এদিকে সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হয়েছে। ব্রিকস নেতারা ‘দিল্লি ঘোষণা’ গ্রহণ করেছেন। এতে সন্ত্রাসবাদের নিন্দার পাশাপাশি একতরফাভাবে যুদ্ধ বা সামরিক পদক্ষেপ নেওয়ারও সমালোচনা করা হয়েছে।
বিতর্কিত বিভিন্ন ইস্যুতে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শনিবার পর্যন্ত চলা দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান বিশ্বনেতারা। এর ফলে সম্মেলনে যৌথ ঘোষণা গ্রহণের পথ সুগম হয়।
মোদি বলেন, বৈঠকটি ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে। কোনো সদস্য দেশই কোনো বিষয়ে আপত্তি জানায়নি বলেও দাবি করেন তিনি।
ব্রিকস সম্মেলনে এশিয়ার তিন গুরুত্বপূর্ণ শক্তি ভারত, চীন ও রাশিয়ার নেতাদের পাশাপাশি ইরান ও ইন্দোনেশিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের ফাঁকে নেতাদের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।