প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লুইস এনরিকের সম্পর্ক আরও দীর্ঘ হলো। স্প্যানিশ এই কোচের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছে ফরাসি ক্লাবটি। ফলে ২০২৭ সালে শেষ হতে যাওয়া আগের চুক্তির মেয়াদ বেড়ে ২০৩০ সাল পর্যন্ত হয়েছে।
মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচের আগে শুক্রবার এনরিকের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় পিএসজি। একই দিনে ক্লাবের আরও পাঁচ ফুটবলারের সঙ্গেও নতুন চুক্তির ঘোষণা আসে।
পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, এই খেলোয়াড় ও এনরিকে ক্লাবের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের মূল্যবোধ ধরে রাখার কথাও জানান তিনি।
চুক্তি নবায়নের ঘোষণার পর ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পান এনরিকে। তবে আনন্দটা শেষ পর্যন্ত পুরোপুরি উপভোগ করতে পারেনি পিএসজি। মোনাকোর কাছে ২-১ গোলে হেরে নতুন লিগ মৌসুমে টানা তিন ম্যাচেও জয়হীন রইল তারা।
ম্যাচ শেষে এনরিকে অবশ্য নিজের নতুন চুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। ৫৬ বছর বয়সী এই কোচ জানান, তার কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো ক্লাবে তিন বছরের বেশি সময় থাকার সুযোগ হচ্ছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনের তুলনায় এখন নিজেকে আরও বেশি অনুপ্রাণিত বলেও জানান তিনি।
২০২৩-২৪ মৌসুমের আগে ক্রিস্তফ গালতিয়েরের জায়গায় পিএসজির দায়িত্ব নেন এনরিকে। এরপরই ক্লাবটির দীর্ঘদিনের অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করেন তিনি। ২০২৫ সালের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপসেরার মুকুট জেতে পিএসজি। এরপর গত মে মাসে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে ফরাসি ক্লাবটি।
এনরিকের অধীনে পিএসজি এখন পর্যন্ত তিনটি লিগ ওয়ান ও দুটি ফরাসি কাপও জিতেছে।
শুধু কোচ নয়, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও ধরে রাখছে পিএসজি। জোয়াও নেভেস, লুকাস বেরালদো, উইলিয়ান পাচো ও সেনি মায়ুলুর নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। আর ফাবিয়ান রুইসের চুক্তি বাড়ানো হয়েছে আগামী মৌসুমের শেষ পর্যন্ত, সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
সূত্র : গোল ডট কম
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।