জাগো কন্ঠ ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:২৬ পূর্বাহ্ণ
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি :
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন আইয়ুবী জানান, সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি কেটে ফসলি জমি নষ্ট করার অভিযোগে চারজনকে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোষ প্রমাণিত হওয়ায় সোহেল রানা (৪০) কে ১ মাস, সাগর (২৫) কে ২ মাস, ইব্রাহিম (২২) কে ২ মাস এবং সাখাওয়াত (১৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং ডামুড্যা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটিকাটা ও ফসলি জমি ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














